নরসিংদীতে স্বরাষ্ট্রমন্ত্রী

অস্তিত্ব জানান দিতে আদালতপাড়া নিয়ে জঙ্গিদের পরিকল্পনা

শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশি^ক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে এ কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার।

গতকাল বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবন উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় নিরপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। আর জঙ্গিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, এ জন্য সীমান্তে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখলের পরিকল্পনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। আওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা ষড়যন্ত্র করে, বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসেছে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ঢাকায় সমাবেশে জানমালের কোনো ক্ষতি করে বিশৃঙ্খলা তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ এখন তাদের দক্ষতার শীর্ষে রয়েছে। দেশে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজের জায়গা নেই। মাদকের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নকাজ হয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তি সরকারের এই উন্নয়নযাত্রাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব অপশক্তিকে পেছনে ফেলে উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব, জেলা পরিষদের চেয়ারম্যান  মনির হোসেন ভূঁইয়া, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম, মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন প্রমুখ।