ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সড়ক উন্নয়ন কাজের জন্য এই রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সড়ক উন্নয়ন কাজের জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিআরটি কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) থেকে এ বিষয়ে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।
প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলবে। সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উক্ত করিডোরে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা চেয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিআরটি।’