২৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮ টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৭ জন। এর আগের দিন মঙ্গলবার মারা গেছে তিনজন এবং হাসপাতালে ভর্তি হয়েছিন ৫১৫ জন। এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুতে মারা গেল ৯৯ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৩৮১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৪৭৭ জনের মধ্যে ২৬২ জন ঢাকায় ও ২১৫ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৮২ জন ডেঙ্গু রোগী।  তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ১৭৫ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ৯০৭ জন। এ বছর রাজধানীর বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরের ভর্তি হয়েছে ১৯ হাজার ৫১৭ জন। এদের নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৪ হাজার ৪০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৫২ হাজার ৮৩ রোগী এবং এ সময়ে মারা গেছে ২৪০ জন।