আসিম মুনির হচ্ছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল আসিম মুনিরকে মনোনীত করেছেন। গতকাল বৃহস্পতিবার টুইটারে এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

এর মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশীয় দেশটির সবচেয়ে প্রভাবশালী পদে নিয়োগ নিয়ে বিভিন্ন জল্পনার আপাতত অবসান হলো। আওরঙ্গজেব টুইটারে আরও জানিয়েছেন, লে. জেনারেল সাহির শামসাদ জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন আসিম মুনির। সেনাপ্রধান হিসেবে ২৯ নভেম্বর জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ পদের জন্য ছয়জনের তালিকা নির্বাচন করেন তিনি। 

আসিম মুনির বর্তমানে সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে কর্মরত আছেন। এর আগে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, মুনির ও শামসাদের নাম প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পাকিস্তানের সশস্ত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার প্রেসিডেন্ট। আসিফ বলেন, ‘এটি প্রেসিডেন্ট আলভির জন্যও একটি পরীক্ষা, তিনি রাজনৈতিক পরামর্শ গ্রহণ করবেন নাকি সাংবিধানিক ও আইনি পরামর্শ অনুসরণ করবেন।’

প্রেসিডেন্ট আলভি সম্পর্কে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে রাজনৈতিক সংঘাত থেকে দেশকে রক্ষা করা তার দায়িত্ব।’ এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের অফিশিয়াল অ্যাকাউন্ট ইমরানকে উদ্ধৃত করে বলেছে, ‘(সেনাপ্রধান নিয়োগের) সারাংশ আসার পর আমি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট সংবিধান ও আইন অনুযায়ী কাজ করব।’