দুই বছর পরও বিশ্বাস হয় না ম্যারাডোনা নেই

দু’বছর আগে এই দিনেই আমরা তাকে হারিয়েছিলাম চিরদিনের জন্য। তবুও সে আমাদের সঙ্গে সবসময় আছে। ডিয়েগো ম্যারাডোনা আসলে ক্ষণজন্মা প্রতিভা। ভালো ও মন্দ, সব ব্যাপারেই ছিল তার দারুণ প্রতিভা। ম্যারাডোনা ছিল আসলে অলরাউন্ডার। আসলে এখন তার স্মৃতিচারণ করা আর তাকে সম্মান জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ডিয়েগো ম্যারাডোনা ছিল বিশ্বের সেরা ফুটবলার, যে আর্জেন্টিনার জন্য যত কিছু করা সম্ভব তার সবটাই করেছিল।

ডিয়েগোর সঙ্গে আমার অনেক স্মৃতি, কিন্তু শেষ পর্যন্ত ওই দুটো গোলই স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। সেই দৌড় যেটার চূড়ান্ত পরিণতি ছিল গোল, ইতিহাসের শ্রেষ্ঠতম গোল। সেই মাঠের অবস্থাটা এত খারাপ ছিল যে বল নিয়ন্ত্রণে রাখা রীতিমতো কষ্টসাধ্য ছিল। তবে ম্যারাডোনা ছিল জাদুকর। সে যখন আমার দিকে একবার তাকাল, আমি ভেবেছিলাম বলটা সে আমাকে পাস দেবে। কিন্তু কেউ জানত না তার মাথায় কী খেলছে! এরপর সে বল নিয়ে দিল একটা দৌড়, সেই জাদুকরি দৌড় যেটা চূড়ান্ত পরিণতি পেল অসাধারণ এক গোলে, বিশ্বের সেরা গোলে। যে গোলটা থামিয়ে দিয়েছিল ‘ঈশ্বরের হাত’ গোল নিয়ে সব সমালোচনা।

সেই ‘ঈশ্বরের হাত’ গোলটার সময় যেটা ডিয়েগো নিজেই হাত দিয়ে করেছিল, আমি তখন ছিলাম তার অন্য পাশেই। আমি গত ৩৬ বছর ধরে এটাই বলে আসছি যে, আমি ওটা দেখিনি। ওদের গোলরক্ষক খুব একটা লম্বা ছিল না, ‘হ্যান্ড অব গড’ গোলটা হয়েছিল গোলরক্ষকের উচ্চতার সমান জায়গা থেকে। গোলটা হতে দেখিনি। যখন গোলের উদযাপনের অংশ হতে গেলাম তখন ডিয়েগো আমাদের বলল ‘আনন্দ কর’। সে বলল আমরা যেন একে অন্যকে জড়িয়ে ধরি, আনন্দ করি, উদযাপন করি। কারণ লাইন্সম্যান ততক্ষণে মাঝমাঠের দিকে চলে গেছে। আমরা নিশ্চিত ছিলাম, সে চাচ্ছিল গোলটাকে বৈধতা দেওয়ার জন্য। এখন যে বিতর্কগুলো হয় গোলটা নিয়ে, প্রযুক্তি থাকলে সেটা হয়তো হতো না। তবে ডিয়েগো ছিল এমন এক প্রতিভা যে সেটা করতেই পারত। তখন আমি এবং বেশ কয়েকজন ১৫ মিটার দূরে দাঁড়িয়েছিলাম, আমরাও ভেবেছিলাম গোলটা হয়েছে হেড থেকেই।

যুক্তি এটাই বলে যে লাইন্সম্যান ও রেফারি দুজনেই খুব দ্বিধাগ্রস্ত ছিল। তখন যেহেতু ‘ভিএআর’ ছিল না, তারাই আলাপ আলোচনা করে গোলটার বৈধতা দিয়েছিল। উদযাপনের সময়ই বুঝেছিলাম, সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসছে।

সে সময় ডিয়েগোর কাছে যারা ছিল, তাদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। অনেকেই ভেবেছে এটা গোল হয়নি, কিন্তু ম্যারাডোনার উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া দেখে আর যেভাবে সে উল্লাস করছিল ও হর্ষধ্বনি করছিল, আমরা একে অন্যকে জড়িয়ে ধরছিলাম যেন সত্যিই গোল হয়েছে। আসলে অন্যদের পক্ষে এটা চিন্তা করাই দুঃসাধ্য যে এমন কিছু করা যেতে পারে। তবে এমনটাই হয়েছিল। যদিও হ্যান্ড অব গড গোলটা বাদ দিলেও সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাই জিতত।

আমাদের প্রতিক্রিয়া ছিল আমরা উদযাপন করব, সবাই মুঠো আকাশে তুলব, কাছের সতীর্থকে ডেকে আয়োজনে শামিল করে নেব এবং তাকেও বলব জোরালো ভাবে উদযাপন করতে।

খেলা শেষে, ড্রেসিং রুমে যখন আমরা কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে ওঠার আনন্দ উদযাপন করছি, তখন ডিয়েগো আমাদের কাছে জানতে চাইল যে আমরা উদযাপন শুরু করতে এত দেরি করলাম কেন? আমরা কেন তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্ত হয়ে উদযাপন শুরু করে দেইনি। এমনকি পিটার শিলটন এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা যে অল্পকিছু সময় প্রতিবাদ করেছিল তাতেও সে অবাক হয়েছিল।

ইংল্যান্ড দলটা সামান্য কিছু প্রতিবাদের সুযোগ পেয়েছিল, মূলত শিলটন আর বুচার। তারা খুব বেশিক্ষণ প্রতিবাদ করতে পারেনি। রেফারি দৌড়ে মাঝমাঠে চলে যায়। লাইনসম্যানও একই কাজ করে। আমরা একটু চমকেই গিয়েছিলাম, কারণ যদি গোলের সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে যায় তাহলে খেলা হয়তো ১০ মিনিট বন্ধ থাকবে। হতে পারে ওরা অনেক ভদ্র, এসব করা ওদের সংস্কৃতিতে নেই, তাই ওরা করেনি।

ওর সঙ্গে স্মৃতির তো শেষ নেই। আমরা মেক্সিকোয় এসেছিলাম বিশ্বকাপ শুরুর এক মাস আগে। উদ্দেশ্য ছিল মেক্সিকোর উচ্চতা আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। আমরা অনুশীলন করতাম দুপুরে, যখন সূর্য একদম মাথার ওপরে থাকত। এভাবেই শুরু হয়েছিল কঠিন এক বিশ্বকাপ অভিযানের, কারণ আমরা বেশ কষ্টেসৃষ্টেই মূল পর্বে এসেছিলাম। আর্জেন্টিনা আসলে উন্নতি করছিল বিশ্বকাপে এসে। একটা একটা করে ম্যাচ জিতছিলাম আর আমাদের আত্মবিশ্বাস বাড়ছিল। আমরা দারুণ খেলেছিলাম, একটা ম্যাচও হারিনি। দারুণ সব গোল করছিলাম আমরা। ম্যারাডোনার সেই গোল তো আছেই, ফাইনালে আমার আর ভালদানোর গোল দুটোও ছিল দুর্দান্ত।  বিশ্বকাপে যেন ফুটবল দেবতা আমাদের সব পরিশ্রম, সব কষ্টের প্রতিদান দিতে শুরু করেছিলেন। বিশ্বকাপের আগে তিনটা বছর আমরা যে কঠিন সময়ের ভেতর দিয়ে পার করেছিলাম, কত সমালোচনা আর অন্যায়... সবকিছু আমরা ফিরিয়ে দিয়েছিলাম বিশ্বকাপ জিতে।

আর আমার জন্য, সেই গোলটা করা, একটা দৌড় যার শেষটা হয়েছিল বিশ্বকাপ জেতানো গোল করে। তখন পাশে ছিল ডিয়েগো ম্যারাডোনা, বিশ্বের শ্রেষ্ঠতম ফুটবলার। আমার জন্য ওই মুহূর্তটা ছিল অনন্য, অনেক কিছুকে পেছনে ফেলে ফুটবল জীবনে এমন কিছু মন্ত্রমুগ্ধকর মুহূর্ত উপহার দেবে। আর আমার জন্য সেই রকম একটা মুহূর্তের কারিগর ছিল ডিয়েগো।