ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি। আর সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।
গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চুমকি ও শিলাকে শীর্ষ দুই পদে রেখে নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন।
নেতা নির্বাচনের আগে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি সকলের আস্থা আছে?’ উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে আস্থা প্রকাশ করেন। এরপরই নতুন নেতাদের নাম ঘোষণা করেন তিনি।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য চুমকি আওয়ামী লীগের বর্তমান কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। আর শিলা ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে মেহের আফরোজ চুমকি সহযোগী সংগঠনের দায়িত্ব পাওয়ায় আওয়ামী লীগের মহিলা সম্পাদকের পদটি খালি হয়। এ পদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহানারা বেগমের নাম ঘোষণা করেন কাদের। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলটির সর্বাচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলী ১৭ সদস্যের। সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে একটি পদ খালি হয়। এ পদে জাতীয় নেতা প্রয়াত তাজউদ্দীন আহমদের মেয়ে ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে তাকে সভাপতিমন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সম্মেলন না হলেও তাদের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। উত্তরের বিদায়ী কমিটির সভাপতি শাহেদা তারেক দিপ্তীকে স্বপদে বহাল রাখা হয়েছে। আর নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে হাসিনা বারী চৌধুরীকে। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম। তিনিও আগের কমিটির সভাপতি ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন পারুল আক্তার।