প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দিল মেক্সিকো

লিওনেল মেসির দারুণ এক ফ্রি কিক সুইং করে চমকে দিল মেক্সিকো গোলরক্ষক ওচোয়াকে। তবে তার চেয়ে বড় পরীক্ষা দিতে হলো আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। একাধিক ভালো আক্রমণ রুখলেন তিনি। আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ‘সি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ শেষ হলো গোলশূন্যভাবে।

প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের গোলমুখে মেক্সিকোর প্রচেষ্টা ছিল বেশি।

সৌদি আবরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। শেষ ষোলোর টিকিট পেতে হলে এ ম্যাচের জয় খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত বলছে, এখন পর্যন্ত ৩৫ বার দেখা হয়েছে তাদের। যার মধ্যে ১৬ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ড্র।

আর বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনবারের সাক্ষাতে সবগুলোই জিতেছে আর্জেন্টিনা। তাদের প্রথম দেখা হয়েছিল ১৯৩০ সালে, বিশ্বকাপের উদ্বোধনী আসরে। সেবার ৬-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর বিশ্বমঞ্চে তাদের সবশেষ দেখা হয় ২০১০ আসরে, যেখানে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।