বাংলাদেশের সিনেমার সুদিন হয়তো ফিরছে। কিছু ঘটনা এ ব্যাপারে আমাদের আশাবাদী করে। করোনার পর অর্থনৈতিক দুর্দিনেও ‘পরান’, ‘হাওয়া’র মতো সিনেমা দারুণ ব্যবসা করেছে। আরও কিছু ছবি লগ্নি উঠিয়ে এনেছে। করোনার মধ্যেই আমাদের দেশের প্রথম সিনেমা হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন পায়। নুহাশ হুমায়ূনের ‘মশারি’ সিনেমাকে আন্তর্জাতিক বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম বলছে, এ বছরের অস্কার মনোনয়ন পেতে পারে ছবিটি। এছাড়া প্রায়শই নানা ছবির আন্তর্জাতিক স্বীকৃতি, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিলেকশন থেকে শুরু একটা কর্মযজ্ঞ চলছে। তবে এ সপ্তাহে এলো দেশি ছবির একগুচ্ছ আন্তর্জাতিক সুসংবাদ! এখন ভারতের গোয়ায় চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)-এর ৫৩তম আসর। উৎসবটির পর্দা নামছে ২৮ নভেম্বর। মর্যাদাপূর্ণ এই উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছেন বাংলাদেশের বেশকিছু তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন জয়া আহসান, গিয়াসউদ্দিন সেলিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, নুসরাত ফারিয়া, আবু শাহেদ ইমন, আকরাম খান, বৃন্দাবন দাশ, শাহনাজ খুশি, সেওতি, সৌম্য ও দিব্যসহ আরও বেশ ক’জন শিল্পী। সেখানে দেশের চারটি ছবি (পাতালঘর, পাপপুণ্য, নকশিকাঁথার জমিন, ‘সাঁতাও) প্রদর্শনী ও কয়েকটি পুরস্কারের জন্য লড়ছে।
এসব ছবি এখনো ভারতের কোনো পুরস্কার অর্জন না করলেও ভারতে পুরস্কার জিতেছে বাংলাদেশের আরেক ছবি ‘আগন্তুক’। গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড জিতেছে বিপ্লব সরকারের এই ছবিটি। নির্মিতব্য, নির্মাণকাজ শেষ হয়েছে, চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চায়, বিশ্ববাজারে পরিবেশক ও অংশীদার খুঁজছে ভিউয়িং রুম বিভাগে ভারত বা দক্ষিণ এশিয়ার এমন সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। এবার ফিল্মবাজারে ২৪৭টি ছবি ভিউয়িং রুমে ছিল। তার মধ্যে ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগে জায়গা করে নেয় ৩০টি ছবি। ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি প্রমুখ। এরইমধ্যে খবর এলো, মোবাইলে বানানো ছবি দিয়ে বাংলাদেশি তরুণ নির্মাতা পুরস্কৃত হলো ব্রাজিলে। নির্মাতার নাম চৈতন্য রাজবংশী। তার বানানো স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটির নাম ‘মাটিশ্বর’। ব্রাজিলের ‘ফেস্টিভ্যাল ডি সিনেমা অল্টার ডু চাও ২০২২’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে ‘মাটিশ্বর’। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘স্মার্টফোন ইন্টারন্যাশনাল’। এই বিভাগেই সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘মাটিশ্বর’। এ বিষয়ে তরুণ এই নির্মাতা বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিই তো আনন্দের। কিন্তু এই স্বীকৃতি আমার জন্য আরও বিশেষ। কারণ, প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছি মোবাইল ফোন দিয়ে। এমন একটি অর্জন নিশ্চয় আমার মতো আরও তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদান করবে।’
আর গত শনিবার প্রকাশ করা হয়েছে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনের অনুদান পাওয়া ছবির তালিকা। আগামী ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মাণের জন্য ৫০ হাজার ইউরো সহায়তা পাবেন বাংলাদেশের স্বাধীন ধারার নির্মাতা রুবাইয়াত হোসেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ লাখ টাকা। বার্লিন ওয়ার্ল্ড ফান্ডের জন্য চলতি বছর ৫১টি দেশ থেকে ১৭৬টি সিনেমা জমা পড়ে। সেগুলোর মধ্য থেকে ১১টিকে মনোনীত করেছেন বিচারকরা। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে আর্জেন্টিনা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, কলম্বিয়া, ইরান, পেরু, তিউনিসিয়া ও ভেনেজুয়েলার সিনেমা। চূড়ান্ত নির্বাচনে প্রোডাকশন ফান্ডিং বিভাগে জায়গা করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন বলেন, ‘এটা আমার জন্য খুবই খুশির খবর। আমার সিনেমাটিকে বেছে নেওয়ায় কৃতজ্ঞ।’