‘নেইমার, ব্রাজিলের শিরোপা প্রত্যাশা তোমার কাঁধে’

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো খোলা চিঠি লিখেছেন নেইমারের উদ্দেশ্যে। পর্তুগিজ থেকে সেই চিঠি অনুবাদ করে তুলে দেওয়া হলো দেশ রূপান্তর-এর পাঠকদের জন্য।

আমি নিশ্চিত আমার মতো অনেকে ব্রাজিলিয়ান তোমাকে ভালোবাসে। তোমাকে প্রশংসার সাগরে ভাসায়। যাই হোক, তোমার প্রতিভা তোমাকে এতদূর নিয়ে গেছে, এত উঁচুতে নিয়েছে যে বিশ্বের প্রতিটি কোণেই তুমি পরিচিত। সর্বত্র তোমার জন্য ছড়িয়ে আছে ভালোবাসা ও প্রশংসা। এ দুই কারণেই সফলতা এসেছে। তবে সে পথে মানুষের অনেক হিংসা-বিদ্বেষকে পাশ কাটাতে হয়েছে।

তোমার মতো একজন তারকার চোট উদযাপনের পর্যায়ে! আমরা কতদূর এসেছি? এ কোন জগৎ? আমরা

আমাদের তরুণদের কাছে কী বার্তা দিচ্ছি? কিছু মৌলবাদী মানুষ সব যুগেই ছিল, আছে ও থাকবে। কিন্তু কুৎসা রটানো কিংবা অন্যকে নিয়ে অহেতুক সমালোচনা করা, ঘৃণ্য বক্তব্যকে স্বাভাবিক হয়ে যাওয়াটা দেখে আমি হতবাক। এটা খুবই দুঃখজনক।

মৌখিক সহিংসতার ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে থাকা আমি তোমাকে লিখছি; আরও শক্তিশালী হয়ে ফিরে এসো! আরও চৌকস হয়ে! গোলের জন্য মুখিয়ে থাকা একজন হয়ে! মাঠে এবং মাঠের বাইরে তোমার ভালো কাজগুলো ঈর্ষার চেয়েও অনেক বেশি শক্তিশালী। মাঠে তোমার ফুটবল ছন্দ বানিয়েছে বিশ্ব ফুটবলের ভালোবাসার পাত্র। এক সেকেন্ডের জন্য ভুলে যেয়ো না যে একটি জাতির দীর্ঘ শিরোপা খরার প্রত্যাশা তোমার কাঁধে। ব্রাজিল তোমাকে ভালোবাসে! প্রকৃত ভক্ত যারা তোমার এই দুঃসময়েও পাশে আছে, তাদের জন্য দ্রুত সেরে ওঠো। মাঠে তোমার সাহসিকতা, ড্রিবলিং ও গোল দেখে তারাই আনন্দ পাবে।

কাপুরুষ ও ঈর্ষান্বিত ব্যক্তিদের কথা কানে নিয়ো না। দেশের অধিকাংশ মানুষ তোমাকে ভালোবাসে। সেই ভালোবাসা নিয়েই আপাতত সময়টা উদযাপন করো। আমি জানি নেইমার, এসব ঘৃণা তুমি জ্বালানি হিসেবে ব্যবহার করবে। যা মাঠে তোমাকে আরও ভালো করতে উৎসাহিত করবে।