এবার বন্দরনগরীতে স্টার সিনেপ্লেক্স

অবশেষে চট্টগ্রামবাসীর আশা পূরণ হতে চলেছে। বিজয়ের মাস ডিসেম্বরেই শহরটিতে চালু হচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হলো 'স্টার সিনেপ্লেক্স'। আগামী ২ ডিসেম্বর এ শাখার উদ্বোধন হবে। ৩ ডিসেম্বর থেকে দর্শকরা সেখানে সিনেমা দেখতে পারবেন।

চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিনোদনসংশ্লিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

দেশের বাণিজ্যিক রাজধানিখ্যাত চট্টগ্রাম নগরীতে একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল ছিল সময়ের দাবি। এবার সেই দাবি পূরণ হতে যাচ্ছে। চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সে তিনটি হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)।

নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল 'স্টার সিনেপ্লেক্স'। বর্তমানে ঢাকায় ৫টি শাখা রয়েছে এর। এ ছাড়া বগুড়া ও রাজশাহীতে নতুন শাখার নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।