গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কের দুপাশের বিদ্যুতের খুঁটিতে পৌর সড়ক বাতিগুলো দিনের বেলাতেও জ্বলছিল। সারা রাত আলো দেয়ার পরও দিনের বেলা জ্বলে ছিলো বাতিগুলো।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ দেখা গেছে। তারা অভিযোগ করেছেন কতৃর্পক্ষের উদাসীনতায় বিদ্যুতের অপচয় বাড়ছে, ক্ষতি হচ্ছে পৌরসভার অর্থ। এমন চিত্র মাঝে মধ্যেই চোখে পড়ে বলে তারা জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীর চালা-সিআরসি মোড় আঞ্চলিক সড়কে বাতিগুলো জ্বলছিলো। স্থানীয় বাসিন্দা হযরত আলী জানান- রাতে নিয়মিত জ্বালানো হয়েছিলো সড়কের বাতিগুলো। সারারাত জ্বলেছে আলো দিয়েছে সড়ক বাতিগুলো। সকালে রাস্তায় বের হয়ে দেখা যায় দিনের বেলাতেও জ্বলছে সড়কের বাতিগুলো। এ বাতিগুলো পৌরসভা থেকে সড়কে স্থাপন করা হয়েছে।
তিনি বলেন এটা দায়িত্বে গাফিলতি। ফলে দিনেও অপ্রয়োজনে বাতিগুলো জ্বলছে বিদ্যুতের অপচয় করা হচ্ছে। কে দায়িত্ব নিয়ে নিভাবে তা আমরা জানি না। বাতি জ্বলছে দেখে যাচ্ছি।
সড়ক ঘুরে দেখা যায় বৈরাগীর চালা মোড় থেকে উত্তরের দিকে এগুলো এসকেবি স্টিল কারখানার সামনে বেশ কটা খুঁটিতে জ্বলছে সড়ক বাতি। আরও এগুলে চার রাস্তা মোড়ের দুপাশেও বাতি জ্বলতে দেখা যায়। এ সড়কে অন্তত ২০ টি সড়ক বাতি জ্বলা অবস্থায় ছিলো বিভিন্ন খুঁটিতে। আরও বেশ কিছু বাতি নষ্ট হয়ে আছে। সেগুলো জ্বলছিলো না।
অটোচালক হারুন অর রশীদ জানান- বিদ্যুতের সরবরাহ লাইন (পৌরসভার ব্যবস্থাপনায়) ত্রুটি আছে। ফলে বাতিগুলো দিনের বেলাতেও জ্বলে থাকে। দুপুর গড়ালেও কেউ সেগুলো বন্ধ করতে উদ্যোগ নেয়নি। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে।
শ্রীপুর পৌসভার বিদ্যুর বিভাগের প্রকৌশলী মিজানুন রহমান জানান- সড়কবাতিগুলো জ্বলছে এ খবরটি জানি না। কারা অপরারেট করেন (জ্বালানো নেভানোর) এমন প্রশ্ন করা হলে তিনি বলেন পাবলিক নিজ দায়িত্বে কাজ করেন। খোঁজ নিচ্ছি কোনো সমস্যা হলো কিনা, জেনে জানাতে পারবো।
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞা বলেন - আমার জানামতে সে সড়কের বাতিগুলো সচল আছে। কোনো ত্রুটির কারণে জ্বলে আছে এমনটি নয়। খোঁজ নিচ্ছি কেন এমন হলো আর কেন দিনেও জ্বলছে তাও খোঁজ নিবো।