দুই দলেরই শুরুটা হয়েছিল হার দিয়ে। আজ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেত। কিন্তু লড়াকুরা তো সহজে বিদায় নেয় না। তারা লড়াই করে। তবে সার্বিয়া আর ক্যামেরুনে লড়াইয়ের সঙ্গে যেন গ্যালারি মেতেছিল উৎসবে। তাদের গোল উৎসবের বিকেলে জালে বড় জড়িয়েছে ছয়বার
ক্যামেরুন আর সার্বিয়ার ম্যাচে আজ রীতিমতো গোল উৎসব দেখা গেল। দুই দলই তিনটি করে গোল করেছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শুরুতে ক্যামেরুন এগিয়ে গেলেও পরে ৩ গোল করে চালকের আসনে বসে যায় সার্বিয়া।
কিন্তু ৩-১ গোলে এগিয়ে থেকেও তারা জিততে পারেনি। বদলি হিসেবে নেমেই খেলার চিত্র পাল্টে দেন ভিনসেন্ট আবু বাকার। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে ম্যাচ ড্র করে ফেলে ক্যামেরুন।