যুক্তরাষ্ট্রের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অ্যাওয়ার্ড নাইট ঢাকায়

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে নিয়মিত বাংলা সংস্কৃতির নানা আয়োজন করে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সংস্থাটি। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু রুমি ও শামসুন চৌধুরীর এই প্রতিষ্ঠানটি এবার বাংলাদেশে আয়োজন করে ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাওয়ার্ড নাইট’।

রবিবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর অভিজাত ক্লাব ‘গুলশান ক্লাব’-এ ছিমছাম আয়োজনে সাজানো এই অনুষ্ঠানটি বিনোদনে ভরপুর ছিল। সকল আলো কেড়ে নেন ঢাকার শোবিজের জনপ্রিয় তারকারা। আজীবন সম্মাননা পেয়েছেন ঢালিউডের বিরহকন্যা খ্যাত নায়িকা রোজিনা। জমকালো শাড়িতে তাকে এখনো দেখতে লাগছিল রানির মতো। গানের জগতের গ্ল্যামার গার্ল আঁখি আলমগীর এ রাতেও সৌন্দর্যের দ্যূতি ছড়ান। তিনি পরেছিলেন ফ্লোরাল প্রিন্টের র‍্যাফেল শাড়ি। আঁখি পেয়েছেন সেরা গায়িকার পুরস্কার। তাকে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি খুলনা-৪ আসনের এমপি, ক্রীড়াব্যক্তিত্ব ও ব্যবসায়ী সালাম মুর্শেদী। 

ছোটপর্দার অন্যতম জনিপ্রয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তিনি এসেছিলেন মেরুণ ব্লেজারে। ছিমছাম সাজে তাকে দারুণ স্নিগ্ধ দেখাচ্ছিল। সেরা গায়কের পুরস্কার ঘরে তুলেছেন প্রায়শই নানা অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া ফ্যাশনেবল সিঙ্গার স্বপ্নীল সজীব। কালো স্যুটে তাকে মার্জিত দেখাচ্ছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ এ আয়োজনেও পেয়েছেন সেরার পুরস্কার। তিনি একবার পাঞ্জাবি, আরেকবার লেদার জ্যাকেট পরে নিজের লুক বদল করেন।

ওয়াইন রেড ব্লেজারে চোখ জুড়ান তরুণ প্রজন্মের ব্যস্ত আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক। তিনি সম্প্রতি ভারতের বিখ্যাত অডিও কোম্পানি এইচএমভিতে ফিচার হয়েছেন (বাংলাদেশের দ্বিতীয় শিল্পী হিসাবে)। সেখানে কিংবদন্তী কবি গুলজারের লেখা ও আরেক কিংবদন্তী আশা ভোঁশলের গাওয়া ক্ল্যাসিক গান ‘মেরা কুছ সামান’ নতুন আঙ্গিকে তুলে ধরেছেন পোলাক। ‘সোহাগ ড্যান্স ট্রুপ’ দারুণ দুটি নাচের পরিবেশনা করে। এছাড়া ছিল কৃষ্ণাঙ্গ বিদেশির কণ্ঠে বাংলা গানসহ আরও শিল্পীদের গানের পরিবেশনা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত হন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, বাইফা অ্যাওয়ার্ডের ফাউন্ডার শাহারিয়ার স্বপনসহ শোবিজের অনেক প্রিয়মুখ।