পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হবে

মেক্সিকোর বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপে ভালোভাবেই টিকে আছে আর্জেন্টিনা। তবে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিও এক রকম অগ্নিপরীক্ষা আলবিসেলেস্তেদের। হারলে বাদ পড়বে, ড্র হলে আর্জেন্টিনার তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। এমন ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে। তা নিয়ে ম্যাচের দুদিন আগে থেকেই চলছে বিশ্লেষণ।

আর্জেন্টিনার যে সব খেলোয়াড় মেক্সিকো ম্যাচে খেলেননি, তারা অনুশীলন করেছেন ম্যাচের পর দিনই। একাদশে আর্জেন্টিনার গোলকিপার পজিশনে কোনো পরবর্তন আসবে না তা বলাই যায়। ডিফেন্সে ওতামেন্দি ও অ্যাকুনা থাকবেন বলে ধারণা করা যায়। আর্জেন্টিনা দুই ম্যাচে রাইট-ব্যাকে শুরুর একাদশে খেলিয়েছে দুই খেলোয়াড়কে। নেহুয়ান মোলিনা খেলেছিলেন সৌদি আরবের বিপক্ষে এবং গনজালো মন্তিয়েল খেলেছেন মেক্সিকোর বিপক্ষে। এছাড়া ক্রিশ্চিয়ানো রোমেরো বা লিসান্দ্র মার্তিনেজে পূরণ হবে চারজনের ডিফেন্স লাইন।

মিডফিল্ডে রদ্রিগো ডি পলের জায়গা নিশ্চিত। এনজো ফার্নান্দেজ বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন মেক্সিকোর বিপক্ষে। ফলে পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে তিনি খেলতে পারেন। মেক্সিকোর বিপক্ষে খেলেছেন ম্যাক অ্যালিস্টার। পালাসিওসও বদলি নেমেছিলেন। তবে এগিয়ে থাকবে অ্যালিস্টার। এছাড়া গোমেজ অপশনও আছে স্কালোনির হাতে। আর্জেন্টিনার আক্রমণভাগে মেসি, ডি মারিয়া ও লাউতারো মার্তিনেজই থাকবেন।