মেসির জন্যই আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন

বেশ লম্বা একটা সময় বিদেশে অবকাশ যাপনের পর ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন ঢাকায়। শিগগিরই নতুন কাজে ফিরবেন এই তারকা। চলছে সেই কাজের প্রস্তুতি। এরই মধ্যে তার দেখা মিলল রাজধানীর অভিজাত ক্লাব গুলশান ক্লাবে। সেখানে গত রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজিত অ্যাওয়ার্ড শোতে ছোট পর্দার সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। তিনি দেশ রূপান্তরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেয়। কঠিন পরিশ্রমের স্বীকৃতি। তাই প্রতিবার অ্যাওয়ার্ড হাতে পেয়ে খুব ভালো লাগে। দর্শকের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

চলছে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। ভক্তদের প্রিয় তারকা মেহজাবীনও বেশ উত্তেজিত খেলা নিয়ে। খেলা নিয়ে প্রকাশ করেন নিজের অনুভূতি। বললেন, ‘স্পোর্টস খুব বেশি ফলো করা হয় না। তবে ফুটবল বিশ্বকাপ এলে কি আর দূরে থাকা যায়! পরিবারের সবাই মিলে খেলা দেখছি। বাসায় একেকজন একক দল সাপোর্ট করে। একেকজনকে পছন্দ করে। এগুলো বেশ ভালো লাগে আমার।’ ‘আমি সেভাবে কোনো দলের পক্ষে নেই’ বলতে বলতে মেসির প্রসঙ্গে চলে যান মেহজাবীন। এ সময় পিএসজি তারকার প্রতি তার ভালোলাগাটা ফুটে উঠল বেশ ভালোভাবেই।

মেহবাজীন আরও বলেন, ‘মেসির হয়তো এটা শেষ বিশ্বকাপ। সে ব্যক্তিগত পর্যায়ে যতটুকু এগিয়েছে, যদি তার এই অর্জন পুরো দলকে নিয়ে না হয়, যদি সে থাকা অবস্থায় তার দেশ বিশ্বকাপ না জেতে, তাহলে এটা সব সময়ের জন্য তার (মেসির) আক্ষেপের জায়গা থেকে যাবে।’ যোগ করেন, ‘সেই জায়গা থেকে বলব, মেসির কারণে হয়তো বা মনের কোনো জায়গায় আর্জেন্টিনার প্রতি টানটা বেশি আমার।’

ফেভারিট হিসেবে বিশ্বকাপে পা রাখলেও মেসিদের কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে। তবে গত রবিবার রাতে মেক্সিকোকে হারিয়ে কক্ষপথে ফিরেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। মেহজাবীনের বন্ধু মহলে এই ম্যাচ নিয়ে ছিল উন্মাদনা, ‘খুব ভালো লেগেছে (আর্জেন্টিনা জিতেছে)। আমার বন্ধু-বান্ধবদের মধ্যে প্রেডিকশন করা হয়েছিল ফল ২-০ হবে। সেটাই যখন সত্যি হয়েছে, তখন ভালোলাগাটা বেড়ে গেছে আরও।’

বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনা বেশ উপভোগ করেন মেহজাবীন। তবে এই উন্মাদনা যখন মাত্রা ছাড়ায় তখন সেটা পীড়া দেয় তাকে। ভক্তদের উদ্দেশে তাই মেহজাবীনের বার্তা, বিষয়টি যেন পাগলামির পর্যায়ে না যায়।

‘অন্য দেশরা খেলছে, আমাদের এখানে সবার আয়োজন এবং উত্তেজনা দেখে ভালো লাগছে। তবে আমাদের তো আসলে সভ্য জাতি হিসেবে এবং মানবিক হিসেবেই সবাই চেনে। মাঝেমধ্যেই খেলাটাকে কেউ কেউ এত সিরিয়াসলি নিয়ে নেয়, অনেক ধরনের দুর্ঘটনার দিকে ব্যাপারটা গড়িয়ে যায়। বেশ কয়েকটা নিউজে যেমন দেখলাম, মারামারি বা ব্যক্তিগতভাবে আক্রমণের ঘটনা। এটা আসলে উচিত নয়। আমাদের সভ্যতা এবং মানবিক জায়গাটা ধরে রাখা উচিত।’ বলেন মেহজাবীন।