সুয়ারেজকে ছাড়াই মিশন পর্তুগালে নামছে উরুগুয়ে

দলের অন্যতম তারকা তিনি। কোরিয়া ম্যাচেও তিনি ছিলেন দলের আক্রমণভাগের কান্ডারি। তবে সে ম্যাচে জিততে পারেনি উরুগুয়ে। তাই পর্তুগালের ম্যাচের শুরুতে সাইড বেঞ্চে বসে থাকতে হবে লুইস সুয়ারেজকে। সঙ্গে এসেছে ফরম্যাশনেও বদল। এমন পরিবর্তন নিয়েই ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বদের ছক কষেছে তারা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। এডুকেশন সিটি মাঠে সেদিন দক্ষিণ কোরিয়া তাদের রুখে দিয়েছিল। অন্যদিকে পর্তুগাল ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। সেই ঘানাই আজ কোরিয়াকে একই ব্যবধানে পরাজিত করেছে।

এই ম্যাচ জিতলে পর্তুগাল সরাসরি চলে যাবে পরের রাউন্ডে। হারলে ঝুলে রইবে আশা। আর উরুগুয়ে হারলে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হবে অভিষেক আসরের চ্যাম্পিয়নদের। জিতলে টিকে থাকবে আশা।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে উরুগুয়ে একাদশ সাজিয়েছে সার্জিও রোচেট, সেবাস্টিয়ান কোটস, দিয়েগো গডিন, হোসে মারিয়া গিমেনেজ, গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, রদ্রিগো বেন্টানকুর, মাতিয়াস ভেচিনো, ফেদেরিকো ভালভার্দে, এডিনসন কাভানি, ডারউইন নুনেজকে নিয়ে।

অন্যদিকে নক-আউট পর্ব নিশ্চিতের ম্যাচে পর্তুগাল একাদশ সাজিয়েছে ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, পেপে, রুবেন ডায়াস, নুনো মেন্ডেস, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, উইলিয়াম কারভালহো, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই।