বগুড়ায় ফিলিং স্টেশনে আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি

বগুড়ায় সোমবার রাত সোয়া ৯টার শহরের তিন মাথা এলাকায় মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ নামক একটি ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামরুল হাসান।

কামরুল হাসান জানান, সোমবার রাতে তিন মাথার বগুড়া-রংপুর সড়কের সাথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে ট্যাংক লরি থেকে তেল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত- তা জানা যায়নি।

নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনের ক্যাশিয়ার সুলতান আহম্মেদ রতন জানান, সন্ধ্যার পর সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে এক লরি ডিজেল ও পেট্রল আনলোডের জন্য আনা হয়েছিল। রাত ৯টার দিকে আনলোড শুরু হওয়ার পরে এ আগুনের সূত্রপাত।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, পাশের লেদের দোকানে ওয়েল্ডিং এর আগুনের শিখা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। লরিতে ১২ লাখ টাকার তেল ও ডিজেল ছিল। আগুনে ফিলিং স্টেশনে থাকা ২টি ট্রাক পুরোপুরি ও ১টি ট্রাক আংশিক পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কামরুল হাসান আরো বলেন, আগুনের সঠিক কারণ তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। আমাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতক্ষতি হয়নি। লরিতে থাকা তেলে আগুন পৌঁছালে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ফিলিং স্টেশনে তিনটি ট্রাক একসঙ্গে দাঁড় করানো ছিল।