নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে বাবা ইমামুল ইসলাম ৪.৭৯ এবং ছেলে আবু রায়হান ৪.৮২ পেয়ে পাস করেছেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সোমবার (২৮ নভেম্বর) দেয়া ফলাফলে তারা পাস করেন।
এর আগে, বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা। তাদের বাড়ি উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামে।
জানা গেছে, লেখাপড়া করার একান্ত ইচ্ছা থাকার পরেও সংসারের অভাবের কারণে অষ্টম শ্রেণি পাস করার পরে আর স্কুলে যাওয়া হয়নি ইমামুলের। ২৪ বছর আগে জীবিকার তাগিদে ঢাকায় পড়ি জমান তিনি। সেখানে গার্মেন্টসে কাজ করেন প্রায় ১৮ বছর। পরে কাজ ছেড়ে ২০১৬ সালে বাড়িতে চলে আসেন। এরপর ২০২০ সালে ছেলের সঙ্গে স্কুলে ভর্তি হন তিনি।
ইমামুল ইসলাম বলেন, এসএসসি পাস করার পর খুব ভালো লাগছে। এই অনুভূতির কথা মুখে বলে বোঝানোর মতো নয় বলে জানান তিনি। এবং সামনে আবারও কলেজে ভর্তি হবেন বলেন তিনি।
বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বাবা-ছেলে দুজনের জন্যই শুভকামনা জানান।