এমবাপ্পের ইগো নেই : দেশম

রাশিয়াতে চার বছর আগে বিশ্বকাপ ফুটবলে অভিষেক হয়েছিল কিলিয়ান এমবাপ্পের। কাতারে আসার খেলেছেন আরও দুই ম্যাচ। মাত্র ৯ খেলায় তার পায়ে সাতবার প্রতিপক্ষে জালে বল জড়িয়েছে। তার সামনে আছেন দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের দুজনের গোল সংখ্যাই আটটি।

বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোল পেলে এই দুই কিংবদন্তিকে ছুঁয়ে ফেলার ও ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে ২৩ বছর বয়সী তারকার সামনে।

এমন হাতাছানি সামনে থাকায় স্বাভাবিকভাবেই খেলতে চাইবেন এমবাপ্পে। তবে চাইলেও দলের সবার পক্ষে একটি ম্যাচ শুরু করা সম্ভব না বলে মত দিয়েছেন দেশম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘এমবাপ্পে আগামীকাল খেলতে চায় কিন্তু দলের সবাই ম্যাচটি শুরু করতে পারবে না, এটাই স্বাভাবিক।’

তবে ম্যাচটি শুরু না করার ব্যাপারে এমবাপ্পেকে মানাতে পারবেন কিনা এমন প্রশ্ন দেশম বলেন, ‘তার ফিটনেস ঠিক আছে তাই সেটা আমাদের সামলাতে হবে না। সুতরাং আপনি বলছেন তার ইগোকে আমাদের সামলাতে হবে। আপনারা এটার ব্যাপারে কতটুকু জানেন? আমি জানি কিন্তু আপনারা জানেন না। এটা সত্য নয়, কিলিয়ানের তেমন ইগো নেই। সে একজন তারকা কিন্তু তার বয়স এখন আর ১৮ নেই। সে এখন আগের চেয়ে অভিজ্ঞ।’

ফরাসিদের নকআউট যাত্রা নিশ্চিত হলেও তিউনিসিয়ার ভাগ্য ঝুলে রয়েছে। দেশমের শিষ্যদের হারাতে পারলেও তাদের প্রার্থনা করতে হবে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের জন্য। সেই সঙ্গে আসবে গোল ব্যবধানের জটিল সমীকরণও।