জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিচক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘খন্দকার মোশতাক পলাশীর মীরজাফর। পলাশীর সেনাপতি লতিফ আর বাংলাদেশের সেনাপতি জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিচক্র বঙ্গবন্ধুকে হত্যা করার দুঃসাহস পেত বলে মনে করি না। ইতিহাস বড়ই নির্মম। বাঁচতে পারেনি জেনারেল জিয়াউর রহমান।’
গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা,শেখ রেহানাকে যে বুলেট এতিম করেছে, সেই বুলেট বেগম খালেদা জিয়াকেও বিধবা করেছে। এটি বিশ্বাসঘাতকতার পরিণতি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস কোনো স্বৈরাচারীর কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না। ইতিহাসের আদালতেও বিচার হয়। কেউই রক্ষা পাবে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব কোট খুনি খন্দকার মোশতাকও পরেছে। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে।’
আগামী নির্বাচনে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে খেলা হবে : সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তখন রুটিনমাফিক দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অন্যান্য দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এ সরকারের অধীনেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ।’ গতকাল বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটনের নাম ঘোষণা করা হয়।