ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল মাদরাসাছাত্র

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

মিঠু শেখ ওই এলাকার দিনমজুর শহীদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মিঠু দুপুর ২টার দিকে বাড়ির পাশে সুউচ্চ একটি সুপারি গাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙানোর চেষ্টা করছিলো। এ সময় ওই সুপারি গাছ সংলগ্ন দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের স্পৃশ্যে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তার পা পুড়ে যায় এবং মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত মিঠুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, উপজেলার পান্টি এলাকায় সুপারি গাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়ে স্থানীয় বিট পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।