টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ নেতার দায়ের করা চেক প্রত্যাখান মামলায় এক আওয়ামী লীগ নেতাকে বুধবার (৩০ নভেম্বর) পাঁচ মাসের কারাদণ্ড এবং নয় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত মিজানুর রহমান লিটন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ায়েজ আল করুনী সাক্ষী-প্রমাণ ও শুনানি শেষে এ রায় দেন। মিজানুরের বিরুদ্ধে সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিলন মাহমুদ বাদী হয়ে ২৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম তালুকদার বলেন, মিজানুর রহমান ব্যক্তিগত প্রয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মিলন মাহমুদের কাছ থেকে ১৪ লাখ টাকা ধার নেন। তিনি দুই দফায় নয় লাখ টাকা পরিশোধের জন্য পৃথক দুটি চেক মিলন মাহমুদকে দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন। মিলন মাহমুদ ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর দেখা যায় সেখানে টাকা জমা নেই। চেকটি ব্যাংক প্রত্যাখান করে। পরে মিলন মাহমুদ আদালতে মামলা করেন।
মামলার বাদী মিলন মাহমুদ বলেন, মিজানুর টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। উল্টো আমাকে বিভিন্ন হামলা-মামলার হুমকি দিয়ে টাকা পরিশোধ না করতে করতে নানান টালবাহানা করেছেন।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর বলেন, এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকলে তার জন্য আমরা ভবিষ্যতে পদপদবির জন্য সুপারিশ করবো না।