ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে মো.  সুমন বাবু (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন রাজেন্দ্র পুর গ্রামের অটোরিকশা চালক মো. মানিক মিয়ার ছেলে। তিনি এ বছর ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

সুমন ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বেলা ৩টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, সুমন ও তার কয়েকজন বন্ধু রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যান। এ সময় বৈদ্যুতিক খুঁটির মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত সুমনের প্রতিবেশী মো. নাজির মিয়া বলেন, সুমন খুব কষ্ট করে লেখাপড়া করেছে। সে মাত্র তিন দিন আগে প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাস করেছে। গত রাতে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় আহত হয়ে মারা গেছে।

‘অনেক কষ্ট করে আমার বাবারে (সুমন) লেখা পড়া করাইছি বড় হয়ে সংসারের হাল ধরবে। এখন আমার বাবা আর নাই’ এ কথা বলেই বারবার জ্ঞান হারাচ্ছেন সুমনের মা।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট সুমন নামে এক যুবককে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক ডা. জান্নাতুল মাওয়া তার ইসিজি করে বুঝতে পারে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো.আসাদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।