‘লিফলেট বিতরণের সময়’ গাজীপুর বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশের লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি ও যুবদলের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। 

বুধবার বিকেল পৌনে ৩টায় গাজীপুর মহানগরের ৩৬ নম্বর ওয়ার্ডের ইছর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, নগরীর ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাসিবুর রহমান সুমন, গাছা থানা যুবদলের সদস্য এমদাদ খান, সেলিম মিয়া, মো. আনোয়ার হোসেন ও গাছা থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন। 

এ ঘটনায় গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানিয়েছেন। 

এ ব্যাপারে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম হোসেন বলেন, লিফলেট নয়, নাশকতার প্রস্তুতিকালে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।