ফাইনালের আগে নেইমারকে বিশ্বকাপে দেখছেন না বাবা

এবারের বিশ্বকাপে নেইমারের কি আর মাঠে নামা হবে? ব্রাজিল ভক্তরা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। ঠিক এমন সময় নেইমারের বিষয়ে মুখ খুললেন তার বাবা।

ক্যামেরুনের বিপক্ষে শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। এ ম্যাচের পর হয়তো নেইমারের চোটের অবস্থা পর্যালোচনা করা হবে। সিদ্ধান্ত আসতে পারে, পিএসজি তারকার আর খেলা হবে কি-না সে ব্যপারে।

নেইমারের বাবা নেইমার স্যান্টোস সিনিয়র অবশ্য আশাবাদী ছেলের ফেরার ব্যাপারে। তবে সেটা খুব দ্রুত সময়ে নয়।

টকস্পোর্টকে নেইমারের বাবা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ও চোট সারিয়ে মাঠে ফিরতে পারে। সেরা ছন্দেই দেখা যেতে পারে। এর আগেও নেইমার চোট পেয়েছে। তখনও কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে সেরা ছন্দেই নিজেকে মেলে ধরেছিল। এ বারও সেটাই হবে।’

কিন্তু কবে নাগাদ ফিরতে পারেন নেইমার? অনেকের মতো নক আউটের শুরুর দিকে নেইমারকে দেখতে পাচ্ছেন না তার বাবাও। সিনিয়র নেইমারের বক্তব্য, ‘আমার বিশ্বাস, ফাইনালে নেইমার খেলতে পারবে। টিমের সঙ্গে সেরাটাই দেবে, যাতে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে।’