শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি

কুড়িগ্রামে কলাপাতা কচুপাতায় লিখে প্রতিবাদ

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা সংসদ। বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে শহরের কলেজ মোড়স্থ জেলা সরকারি গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এসময় বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষার্থীকে কলাপাতা ও কচুপাতায় লিখে প্রতিবাদ করতে দেখা যায়।

সংগঠনটির জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ানের সঞ্চালনায় ও সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিকের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আবির ইয়ামান, রাজারহাট থানা শাখার অন্যতম সংগঠক ও সাকোয়া হাইস্কুলের আহ্বায়ক রতন চন্দ্র অধিকারী, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মোহন্তসহ অন্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি কলেজগুলোতে গবেষণার কাজ সক্রিয় করতে হবে এবং খাতার কাগজের দাম ও কলমের দাম কমাতে হবে। নতুবা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।