জনপ্রিয় অভিনেত্রী চিত্রলেখা গুহ। সুঅভিনয় দিয়ে ছোটপর্দা মাতিয়ে রেখেছেন দর্শকের পর দর্শক। এখনো নাটকে নিয়মিত তিনি। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ব্যস্ততা...
অভিনয় নিয়েই যত ব্যস্ততা। তিন-চারটি ধারাবাহিক নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। এগুলো করতেই মাসের অধিকাংশ সময় চলে যায়।
আশাবাদী...
হ্যাঁ, আমি প্রায়ই শুনি আমাদের নাটক ভালো হচ্ছে না। কেউ ধারাবাহিক নাটক দেখে না। এজন্য অনেক শিল্পী ধারাবাহিক নাটক করেনও না। এসব তথ্য সব ক্ষেত্রে সত্যি নয়। সব সময় ভালো-মন্দ মিলিয়ে কাজ হয়। এখনো ভালো কাজ হচ্ছে। আর কোনো কাজ যদি আশানুরূপ নাও হয়, তাতেও আমি নেতিবাচক কথা বলার পক্ষপাতী নই। কারণ আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে ভালো কাজ করার চেষ্টা করছি। প্রতিটি শিল্পী-কলাকুশলী একটি কাজের পেছনে অনেক কষ্ট করেন। এই কষ্টটাকে সম্মান করা উচিত। কিছু শিল্পী সব সময় নতুনদের নিয়ে নেতিবাচক কথা বলেন। কিন্তু আমি তাদের সঙ্গে কাজ করে দেখেছি, তারা যথেষ্ট গোছানো। আমি তো সব সময় নতুনদের থেকে শিখি। বিশেষ করে প্রযুক্তিগত নানা বিষয়ে। তাদের এই ভালো করার চেষ্টা অব্যাহত থাকলে আমার কাজের মান আরও বাড়বে।
প্রচার চলতি ধারাবাহিক...
বর্তমানে আমার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এরই মধ্যে দীপ্ত টিভির ‘মাশরাফি জুনিয়র’র জন্য সবচেয়ে বেশি সাড়া পাই। শুধু দেশেই নয়, বিদেশে গিয়েও আমি এই নাটকের জন্য প্রশংসা পেয়েছি। আমাদের এখানে আজকাল শিশু বা কিশোরদের জন্য সেভাবে কাজ হয় না। এই কাজটি সেদিক থেকে ব্যতিক্রম। এ ছাড়া এতে ক্রিকেটের একটি ইমোশন তো রয়েছেই। এসব কারণেই কাজটি দর্শক সহজে পছন্দ করেছেন। এ ছাড়া নাগরিক টিভিতে ‘বউ বিরোধ’ নামে একটি নাটক। বৈশাখী টিভির জন্য করছি ‘ফ্যামিলি ডিসট্যান্স’। এই নাটকে অনেক দিন পর অনেক গুণীশিল্পীকে একসঙ্গে পেয়েছি। আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান থেকে শুরু করে অনেক তারকাশিল্পী রয়েছেন।
নতুন অভিজ্ঞতা...
গ্রিন টিভি এখনো প্রচারে আসেনি। কিন্তু নতুন এই টিভিতে ‘বালিঘর’ নামে একটি ধারাবাহিক করতে গিয়ে আমার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। নির্মাতা ও চিত্রনাট্যকার কলকাতা থেকে এসেছেন। এখানে আমাকে ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে তেমন পরিচিত কেউ নেই। কিন্তু প্রত্যেকে অসাধারণ কাজ করছেন। নতুন এসব শিল্পীকে প্রপার অডিশন ও গ্রুমিংয়ের মাধ্যমে একটি চরিত্রের জন্য নির্বাচন করা হচ্ছে। প্রতিদিন সেটে ১০-১৫ জন নতুন ছেলেমেয়ে আসে, এই নাটকের অডিশন দিতে। আশা করছি কাজটি প্রচারের পর দারুণ সাড়া ফেলবে।