ঘরে ঘরে পুলিশের অভিযান মামলা ও গ্রেপ্তার আতঙ্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে বিস্ফোরক ও নাশকতার মামলায় ১৬ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশের অভিযানে বিএনপির ১৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার মামলায় দুই বিএনপি কর্মী এবং রূপগঞ্জ থেকে সাত বিএনপি ও ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়িঘরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

টাঙ্গাইল : জেলার ভূঞাপুরে বিস্ফোরক ও নাশকতার মামলায় ইলিয়াস শেখ নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইলিয়াস ৯নং ওয়ার্ডের বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার ভূঞাপুর থানার এসআই আবদুস ছালাম বাদী হয়ে বিএনপির ১৬ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০/৬০ জনের নামে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, শিয়ালকোল বাজার মাছের শিডের নিচে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী নাশকতামূলক কর্মকা-ের জন্য মিটিং করছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ করে ককটেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়ে প্রচুর ধোঁয়া ও বিকট শব্দ হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, গুলির খোসা উদ্ধার করে। পরে এই ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ : বিভিন্ন উপজেলায় অভিযান চলিয়ে বিএনপির ১৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলা থেকে ১ জন, সিরাজদীখানে ৩ জন, টঙ্গীবাড়িতে ৩ জন, গজারিয়ায় ৪ জন ও লৌহজং উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রাম থেকে বিএনপি কর্মী জসিম সরকার ও শাহ আলম এবং করিমখাঁ গ্রাম থেকে মাসুম ও মহসিনকে গ্রেপ্তার করে। জেলার লৌহজং উপজেলার বেজগাঁও গ্রাম থেকে আল-আমিন বেগ ও লাল মিয়া সরদার, গাওদিয়া গ্রামের ইলিয়াস মিয়া, নওপাড়া গ্রামের ফারুক হোসেন তপু, বৌলতলী গ্রামের সাত্তার দপ্তরিকে গ্রেপ্তার করে।

এছাড়া জেলার সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া গ্রাম থেকে বিএনপি কর্মী আজিম আল রাজী, বালুচর গ্রামের ফারুক হোসেন ও নিমতলা গ্রামের আমান মোল্লাকে গ্রেপ্তার করে। টঙ্গীবাড়ি উপজেলার বিএনপি কর্মী আবদুল আলিম, রাজন মুন্সী ও লতিফ দপ্তরিকে এবং সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. রকিব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, পুলিশের এসআইকে মারধর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও মিশুক ভাঙচুর করার ঘটনায় থানায় বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শ্রীনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাগর হোসেন বাদী হয়ে এ মামলা করেন। শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নাশকতার মামলায় দুই বিএনপিকে কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- উপজেলার নতুন বান্টি এলাকার মোহাম্মদ ইকবাল হাসান  ও পুরিন্দা এলাকার ইছহাক। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনিপর কিছু নেতাকর্মী গত রবিবার মশাল মিছিল , লাঠিসোটা, ককটেল ও অস্ত্র নিয়ে ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স আটকে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশ আটকানোর চেষ্টা করাতে পুলিশের দুজনকে আঘাত করে আহত করেন। পরে এই ঘটনায় মামলা হয় এবং ওই মামলায় দুজনকে আটক করা হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে বাড়িঘরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতাকর্মীরা বাড়িঘর ছেড়েছেন। ইতিমধ্য ছাত্রলীগ কর্মী মোটরসাইকেলে আগুন, ককটেল বিস্ফোরণ ও আহত করার মামলায় বিএনপি ও ছাত্রদলের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।