রাজধানীর আসাদগেটে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন প্রাইভেট কারটির চালক উজ্জ্বল কুমার (৩৫) এবং গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫)।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গাড়িতে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন স্বজনরা। তারা জানান, রুবেলের বাসা গ্রিন রোডে। উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন তিনি। রাতে অফিস থেকে নিজের প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন। পথে আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়েছে এমন খবর শুনতে পান তারা। স্থানীয়রা তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বার্ন ইনস্টিটিউটে।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রুবেল দত্তের শরীরের ৬০ এবং উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থা গুরুতর। দুজনকে ভর্তি রাখা হয়েছে।
হাসপাতালে রুবেল দত্তের ভায়রা নয়ন বিশ্বাস বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।’
তিনি আরও বলেন, রুবেল এবং গাড়িচালক উজ্জ্বলের অবস্থা গুরুতর। তবে এখন পর্যন্ত অবস্থা অপরিবর্তিত রয়েছে। রুবেলকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আর উজ্জ্বলকে হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে। চিকিৎসকরা এখনো তাদের বিষয়ে তেমন কিছুই বলছেন না। তারা গভীর পর্যবেক্ষণ করছেন। রুবেলের সারা শরীরেই ব্যান্ডেজ করা।