চট্টগ্রামের পলোগ্রাউন্ডে দলীয় জনসভায় আজ রবিবার বিকেল ৩টায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরী ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তাকে স্বাগত জানিয়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দৃষ্টিনন্দন তোরণ এবং ঝলমলে আলোকসজ্জায় বর্ণিল চট্টগ্রাম।
জনসভায় যোগ দিতে ইতিমধ্যে পলোগ্রাউন্ডে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই সমাবেশস্থলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকে।
সকাল থেকে ব্যান্ডের বাজনার সঙ্গে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেন। তাদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড, ব্যানার, নৌকা। অনেকে রঙিন গেঞ্জি ও ক্যাপ পরে দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে জনসভাস্থলে পৌঁছেছেন।
সরেজমিনে জনসভাস্থল পরিদর্শন করে দেখা যায়, মাঠজুড়ে প্রচারণায় রাখা হয়েছে প্রায় ৬০টি বেলুন। প্রচারণার জন্য ওড়তে থাকা বেলুনগুলো বাড়িয়েছে সভাস্থলের সৌন্দর্যও। মাঠে চারটি স্তরে বাঁশ ব্যারিকেড রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। তৈরি করা হয়েছে পাঁচটি ফটক (গেট) এরমধ্যে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে দুইটি প্রবেশের ও দুইটি বাইরে যাওয়ায় ব্যবহৃত হচ্ছে। এছাড়া মঞ্চের পেছনে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর প্রবেশ ও বাইরে যাওয়ার ফটক।
এছাড়া রয়েছে একটি মেডিকেল পয়েন্টসহ প্রায় ৫০টি ভ্রাম্যমাণ টয়লেট ও একটি শরবতের গাড়ি।
ইতিমধ্যে প্রদানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছেছেন। সকাল ৯টায় চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পলোগ্রাউন্ডে এর আগে ২০১২ সালের ২৮ মার্চ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন।