পতাকা চুরি নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

আর্জেন্টিনার পতাকা চুরিকে কেন্দ্র করে লালমনিরহাট সদরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আর্জেন্টিনার পতাকা চুরি যাওয়া নিয়ে আর্জেন্টিনার সমর্থক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ব্রাজিলের সমর্থক কফি আনানের বাকবিত-া হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়। খবর পেয়ে ব্রাজিল সমর্থকদের আত্মীয়স্বজন ও সওদাগর পাড়ার ২০-২৫ জনের একটি গ্রুপ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর হামলা করে। এতে ছয়জন গুরুতর আহত হয়। আহত দুজনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন আজিম হোসেন (২৯), বায়তুল ইসলাম (১৮), দারা খন্দকার (২৫), মামুন, আজিজার রহমান জুয়েল (৩০), আরিফুল তোকদার (২৮), কফি আনান (২১), আখলাক (১৯), মজিবুল ইসলাম (১৯) ও জাহের মিয়া।

সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘পুলিশ পাঠিয়ে এলাকা শান্ত করা হয়েছে। তিস্তায় পুলিশ টহল দিচ্ছে, কয়েকজন আহতের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’