জঙ্গি পালানোর ঘটনায় উদ্বেগ সংসদীয় কমিটির

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা এ বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চেয়েছে।

গতকাল রবিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠকে বলেছেন, জঙ্গি পালানোর ঘটনায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিটির সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান দেশ রূপান্তরকে জানান, জঙ্গি পালানোর ঘটনা সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন।

বৈঠক সূত্র জানিয়েছে, পীর ফজলুর রহমান ছাড়াও সুলতান মনসুর আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ২০ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান পালিয়ে যায়। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

গতকালের বৈঠকে জানানো হয়, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁওয়ে সিনিয়র সিটিজেনসহ অন্যান্য বিশেষায়িত ব্যক্তিদের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন ও যথাযথ সেবা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সাইবার ক্রাইম ইউনিট গঠন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী বৈঠকে অংশ নেন।