টাইগারদের কাছে হারের পর জরিমানা গুণতে হচ্ছে ভারতকে

মেহেদী মিরাজের ব্যাটে ভারতের হার থেকে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। প্রথম ম্যাচ হেরে অনেকটাই বিমর্ষ ভারত শিবির। এরইমধ্যে আইসিসি আরও এক দুঃসংবাদ দিলো রোহিত শর্মাদের জন্য। স্লগ ওভার-রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের গুণতে হচ্ছে জরিমানা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, স্লগ ওভার রেটের কারণে ভারতের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফির ৮০ শতাংশ করে জরিমানা করেছে আইসিসি। ৪ ওভার পিছিয়ে থাকার কারণে ওভারপ্রতি ২০ শতাংশ করে জরিমানা ধরা হয়। নির্ধারিত সময়ের পরও ভারত চার ওভার থেকে দূরে ছিল। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী আর্টিকেল ২.২২ অনুসারে তাদের জরিমানা করা হয়।   

ম্যাচ রেফারি ও আম্পায়ারদের কাছে নিজেদের দায় স্বীকার করায় আর শুনানীর প্রয়োজন হয়নি।