সেরা ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠান

২০২১-২২ করবর্ষে ৯ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা হিসেবে বাছাই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে উৎপাদন খাতে তিনটি, ব্যবসা খাতে তিনটি ও সেবা খাতে তিনটি প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি এনবিআরের ভ্যাট বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

সূত্র জানায়, উৎপাদন খাতে সবচেয়ে বেশি ভ্যাট দিয়ে এনবিআরের তালিকায় আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড ও এসএমসি এন্টারপ্রাইজ। ব্যবসায় শ্রেণিতে আছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড। সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো বিকাশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক এবং নগদ লিমিটেড।

জেলা পর্যায়ের সেরা ভ্যাটদাতা : জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা ভ্যাটদাতা হিসেবে ১২০টি প্রতিষ্ঠানকে উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে সম্মাননা দেওয়া হবে। জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার, ডেলটা ফার্মা, ফেয়ার ইলেকট্রনিকস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, হেরিটেজ রিসোর্ট, আকিজ প্লাস্টিক, ফার্মা প্যাকেজ ও হ্যামকো করপোরেশন।

প্রতি বছরের মতো এবারও জাতীয় পর্যায়ে ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালন করবে এনবিআর। দিবসটি উপলক্ষে সভা-সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।

এবার ২০২০-২১ করবর্ষে আইন মেনে সবচেয়ে বেশি ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠানকে সেরা ভ্যাট প্রদানকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন), ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান, নিয়মিত ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমাদানের মতো কাজগুলো নিয়মিত করে আসছে।

এ বিষয়ে এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান দেশ রূপান্তরকে বলেন, ভ্যাট দিবস সামনে রেখে এনবিআর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি ভ্যাট প্রদানকারীদের সেরা দাতা হিসেবে সম্মাননা করা হবে। সম্মাননা দেওয়া হলে অন্যরাও নিয়মিত ভ্যাট প্রদানে আগ্রহী হবে।