কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাওন মিয়া নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শাওন সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির গেটের নিচ দিয়ে বেরিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে যাওয়ার গেট খুলে দেখে পানিতে পড়ে আছে।

পরে পানি থেকে তুলে দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় শিশুটির মৃত্যু হয়।

রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, এইমাত্র জানতে পারলাম যে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে হরিণ ধরা গ্রামে একটি শিশু পানিতে পড়ে মারা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।