নারী উদ্যোক্তাদের জন্য এডিবির ২০ কোটি ডলারের ঋণ

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সহজলভ্য করার লক্ষ্যে ২০০ মিলিয়ন ডলার বা ২০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহ্যান্সমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হবে।

সরকার পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করা এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রকল্পের কার্যক্রম ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হবে।