প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে তিন বছরের জন্য বিশ^ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হয়েছে।
বিমানের নতুন এমডি শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম। তাকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় বিমানের এমডি মো. যাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। গত ১৩ জুলাই মো. যাহিদ হোসেনকে বিমানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদোন্নতি, বদলি ও প্রেষণে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।