আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। তৈরি আছেন তো? খেলা হবে ভোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে।
গতকাল বুধবার বিকেলে কক্সবাজার সাগরপাড় সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি আছেন বলেই আমরা শান্তিতে আছি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই সব পরিস্থিতি সামলিয়ে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমে আসবে, বিদ্যুৎ সংকট নেই। রাত ১টায়ও আপনারা খেলা দেখছেন। কোথাও আপনারা সংকট দেখছেন? বিএনপির আমলে এই বিদ্যুতের জন্য কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নয়াপল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিষ্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম তারা পুলিশের ওপর নাকি আক্রমণ করেছে।’
বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুলের অন্তরে জ্বালা। বুকে বড় ব্যথা। কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন। ফখরুল সাহেব বাড়াবাড়ি, লাফলাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। তারে জীবিত করার কী দরকার?’
জনতাকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল তত্ত্বাবধায়ক নিয়ে চিন্তায়। লাভ হবে, কোনো লাভ হবে না।’
বিএনপিকে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আগুন সন্ত্রাস করে বিএনপি-জামায়াত। হাওয়া ভবনে বসে দেশের টাকা বিদেশে পাচার করেছে তারেক রহমান। কাজেই বিএনপি থেকে সাবধান, তারেক রহমান থেকে সাবধান।’