রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, আজিজুর রহমানের পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনের মৃতদেহ উদ্ধার করেন। মাটির নিচে আর কেউ আছে কি না, তা জানতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে বৃষ্টি না হলেও এ সময়ে কেন পাহাড়ধস হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে আজিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা বসতবাড়ি করার জন্য পাহাড় কাটছিল। গতকালও সারা দিন তারা পাহাড় কেটে মাটি বস্তায় ভরে। এরপর রাতের খাবার খাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন বলেন, কেন, কী কারণে পাহাড়ধস হয়েছে তা খতিয়ে দেখা হবে।

রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা বলেন, অসময়ে কেন পাহাড়ধস হলো তা জানার চেষ্টা করছি। তাৎক্ষণিক নিহতের পরিবারকে ১ লাখ টাকা অনুদান  দেওয়া হয়েছে।