যে হাত মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে : প্রধানমন্ত্রী

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সেই পঁচাত্তর থেকে একুশ বছর শুধু মার খেয়েছি। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত শুধু মার খেয়েছি। এবার যে হাত দিয়ে মারবে সেই হাত ভেঙে দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার যেন আর কোনো বিআরটিসির বাস পোড়াতে না পারে। যেটা পোড়াতে যাবে এখন তো সবার হাতে ক্যামেরা। ভিডিও ফুটেজ দেখে যেই হাতে আগুন দেবে, সেই হাত সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিতে হবে। পোড়ার যন্ত্রণাটা তাদের বুঝিয়ে দিতে হবে। কোনোদিন বলিনি এখন বলবআর মার খাওয়ার সময় নেই।’

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন কড়া বক্তব্য দেন তিনি। এসময় তিনি বলেন, ‘অনেক মার খেয়েছি, আর নয়।’

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে উত্তেজনা চলার মধ্যে গত বুধবার বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত ও আটকের ঘটনা ঘটে। এরপর রাতে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে গাড়ি পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সরকার বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তাব দেয়। কিন্তু বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে অনড়। তারা বিকল্প প্রস্তাব পছন্দ হলে ভেবে দেখবে বলেও জানায়।

বসে বসে মার খাব না : প্রধানমন্ত্রী তবে প্রশাসন বলছে, রাস্তায় কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। এ অবস্থায় রাজনৈতিক পরিম-লে উত্তেজনা চলছে।

এমন প্রেক্ষাপটে দলীয় সভায় যুক্ত হয়ে শেখ হাসিনা বলেছেন, ‘কারও গায়ে হাত দিলে আর ক্ষমা করা হবে না। এরা (বিএনপি) কীভাবে অত্যাচার করেছে সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপির অপকর্ম তুলে ধরতে হবে। আমাদের যেসব নেতাকর্মী বিএনপির হাতে ছেঁচা মার খেয়েছে তাদের বসে থাকলে তো চলবে না। বসে বসে আর মার খাওয়া যাবে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অগ্নিসন্ত্রাসী, স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এটা পরিষ্কার কথা। ওরা আমাদের উৎখাত করবে? ওরা পকেট থেকে এসেছে, আবার পকেটেই থাকবে। গণতন্ত্রের কথা ওদের মুখে মানায় না।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘যেসব দেশ আমাদের দেশের গণতন্ত্রের কথা বলে তাদের দেশের অবস্থা তো আমরা জানি। প্রতিদিন মানুষ খুন হয়। ভোট চুরি হয়েছে বলে তাদের ক্যাপিটাল হিলেও আক্রমণ হয়। পাঁচ-ছয়জনকে গুলি করে মারে। তাদের কাছ থেকে আমার গণতন্ত্রের সবক নিতে হবে? আমার বাংলাদেশ, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মুচলেকা দিয়ে গেছিল সাজাপ্রাপ্ত আসামি। আমি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করব, তারেক জিয়াকে বাংলাদেশে ধরে এনে সাজা বাস্তবায়ন করব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকা...তারা খুনি পালতেছে একটা। আবার কানাডা পালে আরেকটা। পাকিস্তানে আছে দুইটা। সব দেশকে বলব এই খুনিদের ফেরত পাঠাতে হবে। ব্রিটিশ সরকারকে বলব তারেক জিয়াকে দেশে ফেরত পাঠাতে। কারণ সে সাজাপ্রাপ্ত আসামি। তারা মানবতার কথা বলে, দুর্নীতির কথা বলে আবার সেই খুনি-দুর্নীতিবাজকে আশ্রয় দেয়। কাজেই তাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করতে হবে।’

গণমাধ্যমের মালিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘যেসব মিডিয়া এখন ধরনা দিচ্ছে, এত টেলিভিশন এগুলো তো আমারই দেওয়া। আমি যদি উন্মুক্ত না করে দিতাম, এত মানুষের চাকরিও হতো না। এত মানুষ ব্যবসাও করতে পারত না।’

সবার শান্তি নিশ্চিত করেছে তার সরকারএ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সে বিএনপির ব্যবসায়ীই হোক, আওয়ামী লীগের ব্যবসায়ী হোক, সবাই কিন্তু শান্তিতে ব্যবসা করেছে। হাওয়া ভবনও আমরা খুলি নাই। খাওয়া ভবনও আমরা খুলি নাই। ব্যবসা করার সুযোগ করে দিয়েছি। আবারও হাওয়া ভবন আসলে এখন আরেকটা নাম দেবে। আবারও চুষে চুষে খাবে। শান্তিতে ব্যবসা করতে হবে না।’ তিনি বলেন, ‘বিএনপিকে যারা তেল মারছে, আমরা তাদেরও হিসাব করব। বিএনপির আমলে তো এত আরামে ব্যবসা করতে পারেননি। মিডিয়া একটু উল্টাপাল্টা লিখলেই তো মারত। তার পরও এত আহ্লাদ কীসে, এত তেল মারা কীসে, আমি তো জানি না। কত তেল আছে আমি দেখব।’

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। ২০০১ সালের নির্বাচনের পরপরই একেকজন বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলাগাছের বাগান করেছে। মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করেছে। ছয় বছরের মেয়ে থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। সেই পূর্ণিমা-ফাহিমা সারা বাংলাদেশের কত নাম বলব সবার চিকিৎসা করতে হয়েছে। অনেকে লজ্জায় নামই প্রকাশ করেনি।’ তিনি বলেন, ‘২০০১ সালে যে অত্যাচারটা আমাদের নেতাকর্মীদের ওপর করেছে আমরা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গুণে গুণে সেই অত্যাচারের জবাব দিতে পারতাম। সেই ক্ষমতা আওয়ামী লীগ রাখে। কই আমরা তো তা করি নাই। আমরা তো তাদের ওপর এইভাবে অত্যাচার নির্যাতন করতে যাইনি। বরং ২০১৩, ১৪ ও ১৫ সালে তারা আগুনে পুড়িয়ে মারা শুরু করল।’

বিএনপির নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব বড় গলায় বলেন তিনবারের প্রধানমন্ত্রী। তারা তাদের কোনো ইশতেহার বাস্তবায়ন করতে পেরেছে? পারেনি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাকে যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হলো আমি তখনই দেশে চলে এসেছি। তারেক জিয়ার বাপও আমাকে ঠেকাতে পারেনি। আবার যখন তত্ত্বাবধায়ক সরকার তখনো পারেনি। এতই নেতৃত্ব দেওয়ার শখ, দেশের বাইরে পালিয়ে থেকে কেন? ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি সেই সুযোগে ডিজিটালি কথা বলে।’