বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়ার পরিকল্পনা নিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘বিএনপি পার্টি অফিসে অনেক চালের মজুদ, পানির মজুদ ছিল। চিনি-ডালের মজুদ ছিল, ১৫টি অবিস্ফোরিত হাতবোমা ছিল। ছুরি-কাঁচি ছিল। ডেগে ডেগে খিচুড়ি ছিল। এগুলো আনার পেছনে কারণ কী? তা আমরা জানি। বড় জমায়েত হলে এমন হয়। কিন্তু আমরা এখন শুনছি তারা এখানে সমাবেশ করতে এসে বসে পড়ার পরিকল্পনা হিসেবে এসব রসদ এনেছিল।’
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভাঙচুর ও জানমালের ক্ষতি করলে পুলিশ বসে থাকবে না বলে বিএনপিকে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দলটিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে দলীয় কাজ করেন। আপনারা মিছিল করেন, মিটিং করেন কোনো আপত্তি নেই। তবে আপনারা যদি ভাঙচুর করেন, জানমালের ক্ষতি করেন, পুলিশকে আহত করেন, তখন তো নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তাদের কাজই তো প্রটেকশন দেওয়া।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়েছে সেটা আমরা মনে করি না। পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের শুভবুদ্ধির উদয় হোক, তাদের একঘেয়েমি ছেড়ে হয় তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসুক। বিরাট সমাবেশ করুক, আমরাও দেখি, দেশবাসীও দেখবে। নয়তো কালশী মাঠে যাক। এরপরও আলোচনা হতে পারে। তারা আসুক ডিএমপি কমিশনারের সঙ্গে বসুক।’
বুধবার নয়াপল্টনে পুলিশ বাধ্য হয়েই অ্যাকশনে গিয়েছিল দাবি করে তিনি বলেন, ‘তারা (পুলিশ) যেভাবে মার খাচ্ছিল, এ ছাড়া কোনো উপায় ছিল না। বিশৃঙ্খলা করলে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চুপ থাকবে না।’
পুলিশ ব্যাগে করে বিএনপি কার্যালয়ে ককটেল নিয়ে গিয়েছিল বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যেসব পুলিশ আহত হয়েছে তাদের দেখে আসুন, তারা কি নিজেরা নিজেরা ককটেলে আহত হয়েছে? তারা মার খেয়েছে, ককটেলের হামলার শিকার হয়েছে।’