ইয়াবাসহ ইউপি সদস্য আটকের জেরে ৭ ঘণ্টা অবরুদ্ধ মহাসড়ক

গতকাল কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এ ঘটনায় দীর্ঘ সাত ঘণ্টা যাবৎ যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। বিক্ষুব্ধ লোকজন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। এ সময় তারা টহলে থাকা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি গাড়িতেও হামলা চালায়।

জানা যায়, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইউপি সদস্য বাদশাকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করে। এরপর (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা) থেকে সড়ক অবরোধ শুরু হয়। পরে রাত ১টার সময় অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

টেকনাফ থানার ওসি আবদুল হালিম বলেন, প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলেও পরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। যানচলাচল স্বাভাবিক হয়। তিনি আরো বলেন, সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তিতকে আটকের জেরে এ ঘটনা ঘটে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম বলেন, ইয়াবাসহ বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।