খুলনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

চুকনগরে ইতিহাসের সর্ববৃহৎ গণহত্যা হয়েছিল

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালীন নয় মাস এ দেশের মানুষ পাকিস্তানি বাহিনীর দ্বারা নিদারুণ নির্যাতন ও নারকীয় হত্যাকা-ের শিকার হয়েছে। এই সময় খুলনার চুকনগরে ইতিহাসের সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয়েছিল।

তিনি গতকাল শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা : পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র এবং ইতিহাস সম্মিলনীর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।  শুভেচ্ছা বক্তৃতা করেন ভারতের জওহর লাল নেহরু বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ।

দুই দিনব্যাপী সম্মেলনের চারটি অধিবেশনে দেশ-বিদেশের প্রায় ২০ জন গবেষক ও বিশেষজ্ঞ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।