সৌন্দর্যচর্চায় গ্লিসারিন যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। প্রসাধন ও সাবান তৈরিতে গ্লিসারিন ব্যবহার হয়। ফেমিনা অবলম্বনে লিখেছেন ফারাহ বিলকিস
ব্যবহার : শীতের সময়টায় গ্লিসারিন খুব বেশি ব্যবহার হয়। মুখ পানি দিয়ে ধুয়ে কিছুটা ভেজা অবস্থায় মুখে কয়েক ফোঁটা গ্লিসারিন দিন। বাজারে পাওয়া ক্লিনজার থেকে গ্লিসারিন অনেক ভালো। ত্বক পরিষ্কারে এক চা চামচ গ্লিসারিনের সঙ্গে তিন চা চামচ দুধ মিশিয়ে রাতে মুখে দিয়ে সকালে ধুয়ে ফেলুন। গ্লিসারিন ত্বক থেকে ময়লা, তেল ও মেক আপ দূর করে সহজেই। পাত্রে আধা কাপ পানির সঙ্গে দেড় টেবিল চামচ গ্লিসারিন ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ফেসিয়াল ক্লিনজারও বানিয়ে নিতে পারেন। ত্বক আর্দ্র থাকা অবস্থায় লাগিয়ে ৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। মুখ ধোয়ার পরে টোনিং এর জন্য পানি মিশ্রিত সামান্য গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এতে ত্বকের পোরস বন্ধ হয়ে যাবে। টোনার তৈরি করতে এক কাপের এক-চতুর্থাংশ গ্লিসারিনের সঙ্গে দেড় কাপ গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন।
উপকারিতা গ্লিসারিন খুব ভালো ময়েশ্চারাইজার। এটি ত্বককে বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে। গ্লিসারিন ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক থাকবে নরম ও আর্দ্র। ২৫০ মিলি গ্লিসারিনে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে গ্লিসারিন ময়েশ্চারাইজার বানিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করলে সকালে আর্দ্র ত্বক পাবেন। গ্লিসারিন ত্বকের বলি রেখা দূর করে ত্বককে আর্দ্র রাখে। অ্যান্টি-এজিং ক্রিমের পরিবর্তে গ্লিসারিনে দ্বিগুণ সুফল পাওয়া যায়। একটি ডিমের সাদা অংশ বিট করে এক চা চামচ মধু ও গ্লিসারিন মিশিয়ে মুখে ব্যবহার করুন। ২০ মিনিট পরে ধুয়ে নিন। দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যায় যারা ভুগছেন তারা গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ গ্লিসারিন, আধা টেবিল চামচ বোরাক্স পাউডার, এক গ্লাস পানি ও সামান্য কর্পূর মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে মুখে দিন। শুকালে বরফ-ঠা-া পানি দিয়ে ধুয়ে নিন। ব্ল্যাকহেডস দূর করতে গ্লিসারিন অদ্বিতীয়। এক টেবিল চামচ মুলতানি মাটি, চার টেবিল চামচ বাদামের গুঁড়ো ও দুই চা চামচ গ্লিসারিন মিশিয়ে মুখে দিয়ে শুকাতে দিন। এরপর ধুয়ে নিন। বয়সের দাগ দূর করা কঠিন হলেও গ্লিসারিন নিয়মিত ব্যবহারে দাগ চলে যাবে। গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখে, প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল থাকায় ত্বকের পিএইচ মাত্রা বজায় থাকে। পেট্রোলিয়াম জেলির সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে একটু পরে মুছে ফেলুন। শীতে ঠোঁট ফাটা সমস্যায় লিপ বাম ব্যবহার না করে গ্লিসারিন ব্যবহার বেশি উপকার।