‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটি শোনেননি, এমন শ্রোতা পাওয়া বিরল। সেই গানের শিল্পী সেলিন ডিয়ন এখন বিরল স্নায়ুরোগে আক্রান্ত। এই রোগের নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। এতে দশ লাখের মধ্যে একজন আক্রান্ত হয়। সম্প্রতি শিল্পী নিজেই জানিয়েছেন এই রোগের কথা। বাতিল করেছেন আগামী সব লাইভ শো। একটা দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা লেগেই ছিল গায়িকার। সম্প্রতি যে ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতার খবর দেন সেখানে বলেন, ‘আমি একটা লম্বা সময় ধরে ভুগছি, বুঝে উঠতে পারছিলাম না কীভাবে এর মোকাবিলা করব। তাই সবার সামনে আসতে সময়টা বেশি লাগল।’ ‘স্টিফ পার্সন সিনড্রোম’ রোগটায় মূলত পেশিতে টান পড়ে। যার ফলে পেশির ওপর নিয়ন্ত্রণ থাকে না। যেকোনো সময় পড়ে গিয়ে চোট আঘাত পেতে পারেন। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে তবে কিছুটা ভালো থাকতে পারেন সেলিন। গায়িকা নিজেই জানিয়েছেন এটি এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার। তাই সুদূর ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে দেখা যাবে না তাকে। যার জন্য তার শ্রোতাদের কাছে বারবার ক্ষমাও চেয়ে নেন তিনি। এখন তার অনুরাগীদের একটাই চাওয়া দ্রুত সেরে উঠুক সেলিন।