অবশেষে ভাইরাল কনটেন্ট দিলেন নুসরাত ফারিয়া

কিছুদিন আগে এক ভিডিও সাক্ষাৎকারে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেছিলেন, তিনি শুধু কাজ নিয়েই আছেন। অনেক দিন ভাইরাল কনটেন্ট দিচ্ছেন না, যার ফলে তার কাজ নিয়ে মানুষের আগ্রহ কমে না যায়। অবশেষে না চাইতেই ভাইরাল এই নায়িকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই নায়িকার ব্যক্তিজীবনের গল্প। ২০২০ সালের ১ মার্চে বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। ওই বছরের জুনে আংটিসহ ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে। এই নায়িকা জানিয়েছিলেন, পরিবারের সম্মতিতেই মার্চে বাগদান সম্পন্ন হয়েছে। এও জানিয়েছিলেন, যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন, তার সঙ্গে সাত বছর ধরে সম্পর্ক। পরে বিভিন্ন সময় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া কৌশলে এড়িয়ে গিয়ে বলেছিলেন, সময় নিয়ে বিয়ে করবেন। তার হাতে একাধিক কাজ। ব্যস্ত আছেন কাজ নিয়ে। বিয়ের সময় পাচ্ছেন না। বাগদানের প্রায় তিন বছরের মাথায় নুসরাত ফারিয়ার এ বিয়েটি ভেঙে যাওয়ার গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হলো। নুসরাত ফারিয়া নিজেই জানালেন, যার সঙ্গে বাগদান হয়েছে তার সঙ্গে বিয়ে হচ্ছে না। তার সেই বিয়ে ভেঙে গেছে। নুসরাত ফারিয়া বলেন, ‘জীবনে ওঠানামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না। আমি যা করি, বুঝেশুনেই করি।’ ফারিয়ার বিয়ে ভাঙার খবরই এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত ইস্যু।