ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বিএনপির আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া- লোহাগড়া আসনের সাংসদ ড. আবু রেজা মো. নেজামুদ্দীন নদভী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।