ফেসবুক লাইভে আত্মহত্যার প্রস্তুতি, উদ্ধার করলো পুলিশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন বাবুল সিদ্দিকী (৪২)। জাতীয় নম্বর ৯৯৯ এ খবর পেয়ে ঘরের গ্রিল ভেঙে তাকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ ডিসেম্বর) রাতে জেলার চিলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।

পেশায় বাবুল সিদ্দিকী একজন মোবাইল মেকানিক।

পুলিশ জানায়, রবিবার রাতে চিলমারী সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবে বলে বিভিন্ন কথা বলেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে চিলমারী থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।

বাবুলের বাড়িতে গিয়ে দেখতে পায় তিনি দরজা-জানলা বন্ধ করে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যার সব ধরনের চেষ্টা করছেন।

পরে চিলমারী থানা-পুলিশের সহায়তায় জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।

তার পরিবারের লোকজন জানান- বাবুল পূর্বেও এ রকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। গতকালকে তিনি তার পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন।

পরে ঘটনাস্থলে চিলমারী মডেল থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান উপস্থিত হয়ে বাবুলের পরিবারের লোকজনের সাথে আলোচনা করেন এবং আত্মহত্যা থেকে বিরত থাকার কাউন্সেলিং করায় পুলিশ।

চিলমারী থানার ওসি আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

‘তিনি কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।’