আর্জেন্টিনাকে হারাতে প্রস্তুত ক্রোয়েশিয়া : লুকা

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিদায় করে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেছে ক্রোয়েশিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ আরেক লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। রাশিয়ার আক্ষেপ কাতারে ঘোচানোর লক্ষ্যে আরও একবার ফাইনালে পা রাখতে চায় লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

লুসাইলে মঙ্গলবার লিওনেল মেসিদের বিপক্ষে নামার জন্য নাকি তর সইছে না ক্রেয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচের। জানালেন, লিওনেল মেসি নামক আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্রের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত তারা।

স্প্যানিশ এক গণমাধ্যমকে ৩৭ বছর বয়সী লুকা বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলতে তর সইছে না। ওদের বড় শক্তি মেসি দারুণ ফর্মে রয়েছেন। ওর বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে। কিন্তু আমরা প্রস্তুত। জীবনের সেরা ম্যাচটা কাল খেলতে চাই আমরা। আশা করি ফাইনালে উঠতে পারব। ক্রোয়েশিয়ার জাতীয় দলে, রিয়াল মাদ্রিদের মতোই ডিএনএ রয়েছে। যারা সবসময় শেষ দেখেই ছাড়ে। কখনও হাল ছাড়ে না।’

বিশ্বকাপে দুই দলের এটি তৃতীয় লড়াই হতে যাচ্ছে। তবে নক আউট পর্বে এটাই প্রথম সাক্ষাৎ। ১৯৯৮ সালে আর্জেন্টাইনরা ১-০ গোলে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে হারায়। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে বড় পরাজয় দেখেছিলেন মেসিরা। চার বছর আগে বড় ব্যবধানে হারের যন্ত্রণা নিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোটদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।