কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে মাদক, মানবপাচার, অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি মো. সাকের মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের কবির আহম্মদের ছেলে। সোমবার (১২ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে টেকনাফ মডেল থানার একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি এবং আত্মস্বীকৃত আত্মসমর্পনকারী মাদক কারবারী সাকের মাঝিকে গ্রেপ্তার করতে গেলে তিনি এএসআই মো. সাখাওয়াতকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তার ঠোঁট কেটে গেলে ৩টি সেলাই দেওয়া হয়। এ সময় আসামির ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯) পাশের রুম থেকে বের হয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পুলিশকে আঘাত করে এবং পরিস্থিতি অস্বাভাবিক করতে চেষ্টা করে। এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি ও তার দুই সহোদরসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাকের মাঝিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।